অ্যাকসেসিবিলিটি লিংক

নাটোরে বিএনপির কর্মসূচিতে হামলার অভিযোগে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে মামলা

নাটোরে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতায়তাবাদী দলের (বিএনপি) কর্মসূচিতে হামলার অভিযোগ এনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নাটোর জেলা শাখার শীর্ষ পর্যায়ের নেতাসহ ২৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে নাটোর সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সবুর মাহমুদ বাদী হয়ে নাটোর সদর আমলি আদালতে অভিযোগটি দায়ের করেন।

আদালতের বিচারক রওশন আলম অভিযোগটি এফআইআর হিসেবে লিপিবদ্ধ করে আগামী ১৬ এপ্রিল আদালতকে অবহিত করতে নাটোর সদর থানাকে নির্দেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাদের।

মামলায় গত ৩১ মার্চ ও ১ এপ্রিল কেন্দ্র ঘোষিত বিএনপির অবস্থান কর্মসূচির মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ, দলীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে হামলা, মারপিট এবং নেতাকর্মীদের আহত করার পৃথক দুটি অভিযোগ আনা হয়েছে।

এতে আওয়ামী লীগের নাটোর জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা আলী বাবলু, পৌরসভা শাখার সভাপতি মোস্তাক আলী মুকুল, যুবলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, ছাত্রলীগের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৯ জনের নাম উল্লেখসহ ২৫০ জনকে অভিযুক্ত করা হয়।

তবে এ ধরনের আদেশ এখনো পাননি বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ। আদেশ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে মামলার প্রেক্ষিতে প্রধান অভিযুক্ত আওয়ামী লীগের জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তুজা আলী বাবলু জানান, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করা হবে।

XS
SM
MD
LG