অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে আরসা সদস্যদের গোলাগুলি, নিহত ২ জন

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প
বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প

বাংলাদেশর কক্সবাজার জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তারা আরো জানায় যে এ সময় আরসা সদস্যদের গুলিতে এক পথচারী নিহত হয়েছেন। অন্যদিকে, পুলিশের গুলিতে এক আরসা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ছাড়া, অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে উখিয়া ১৮নং রোহিঙ্গা ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন, ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি জানান, আটক আরসা সদস্য ১৮নং ক্যাম্পের নুরুল হাকিমের ছেলে মোহাম্মদ সাদেক(৩১)। আর নিহতরা হলেন, ১৮নং ক্যাম্পের বশির আহমেদের ছেলে আরসা সদস্য মোহাম্মদ হাশিম (৩২) ও পথচারী নুরুল ইসলামের স্ত্রী নূর হাবা (৫০) । পুলিশ আরো জানিয়েছে, নিহত আসরা সদস্য মোহাম্মদ হাশিম চাঁদাবাজি ও মাদক পাচারসহ একাধিক মামলায় অভিযুক্ত।

সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহমেদ জানান, “দুপুরের দিকে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল ক্যাম্প ১৮ এর এল/১৭ ব্লকে মসজিদের পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটি ঘর ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আশপাশের গলি ও পাহাড় থেকে আরসার অস্ত্রধারী ২০-৩০ জন সন্ত্রাসী গুলি ছুড়লে, পুলিশ পাল্টা গুলি করে। এ সময় আরসার গুলিতে এক পথচারী নিহত হন।”

ফারুক আহমেদ আরো জানান, “ঘণ্টাব্যাপী গোলাগুলির পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলের একটু দূর থেকে আরসার শীর্ষ নেতা হাশিমের মরদেহ উদ্ধার করে। এরপর আশপাশের ঘরে তল্লাশি চালিয়ে এক আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর ও নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছন। পরে তিনি জানান যে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

XS
SM
MD
LG