বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঐতিহাসিক। মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই তা চলমান রয়েছে। আমাদের এই দুই দেশের সম্পর্ক আত্মত্যাগের সম্পর্ক।” সোমবার (১৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন হাইকমিশনার প্রণয় ভার্মা।
স্থানীয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতা, জনপ্রতিনিধি, আমদানি-রপ্তানিকারক, সিএ্যান্ডএফ এজেন্ট ও রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রণয় ভার্মা । তিনি বলেন, “দুই দেশের নাগরিকদের বন্ধন ব্যক্তিগত সম্পর্কের। যা দুই দেশের নাগরিকদের অটুট সম্পর্কের ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের মতো এমন অটুট সম্পর্ক বজায় থাকলে দুই দেশই বিভিন্ন খাতে আরো এগিয়ে যাবে।”
ভারতের হাইকমিশনার বলেন, “দুই দেশের উন্নয়ন পরিকল্পনা উভয় দেশের সঙ্গে যুক্ত। দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নে আমরা যা প্রত্যাশা করি, সে অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে দুই দেশের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।” তিনি আরো বলেন, “বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান উন্নয়ন যাতে আরও অগ্রসর হয়, সেলক্ষ্যে কাজ করছে দুই দেশের সরকার।”
সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে, হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ'র সঙ্গে মতবিনিময় করে ফিরে আসেন।