অ্যাকসেসিবিলিটি লিংক

সন্ত্রাস-জঙ্গিবাদে লিপ্ত ব্যক্তিরা শান্তির ধর্মের ভাবমূর্তি ক্ষুন্ন করছে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কেউ যাতে ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য আলেম-ওলামাসহ সকল ধর্মপ্রাণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলে, “যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তারা শান্তির ধর্মের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।” সোমবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফরমে,সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, “আসুন আমরা নিশ্চিত করি যে আমাদের পবিত্র ধর্ম যেন বিভিন্ন উপায়ে কলঙ্কিত না হয়। আলেম, ওলামা এবং ধর্মীয় চিন্তাশীল ব্যক্তিদের অবশ্যই এই বিষয়ে নজর রাখতে হবে।” তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তারা শান্তির ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা ভুল পথে আছে। আমাদের সকলকে এই বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “শেষ বিচার মহান আল্লাহই করবেন। কে ইসলামে বিশ্বাস করে আর কে করে না, আমরা তা ঠিক করতে পারি না। এটা খুবই দুঃখজনক যে মাঝে মাঝে আমরা কিছু লোককে অকারণে অন্য ধর্ম বা ইসলামের বিভিন্ন মাযহাবের(সম্প্রদায়) অবমূল্যায়ন করার চেষ্টা করতে দেখি।”

শেখ হাসিনা বলেন, “এটা ইসলামের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শের পরিপন্থী। এই ধরনের মনোভাব গ্রহণযোগ্য নয়। আল্লাহ প্রত্যেকের এবং সবকিছুর বিচার করবেন... আল্লাহ ঠিক করবেন কে বেহেশতে যাবে আর কে জাহান্নামে যাবে। প্রত্যেকে নিজ নিজ ধর্মের আচার-অনুষ্ঠান পালন করবে এবং বাংলাদেশের সংবিধানে এ বিষয়ে বলা আছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “মানুষ হত্যা করে কেউ বেহেশতে যেতে পারে না। নিরপরাধ মানুষকে হত্যা করলে একজনকে দোজখের আগুনে নামিয়ে দেবে... জনগণকে এ বিষয়ে সচেতন হতে হবে।”

শেখ হাসিনা বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই রক্ত দিয়েছে। সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তাদের ধর্মীয় আচার পালন করবে। আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে দেশ চালাই। প্রত্যেকের সমান অধিকার রয়েছে এবং আমরা তা বিশ্বাস করি।”

জঙ্গি ও সন্ত্রাসবাদকে সমাজের হুমকি হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে তিনি আলেম, ওলামা এবং খতিবদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, “কারণ, কখনো কখনো স্বার্থান্বেষী মহল কোমলমতি শিশুদেরকে ভুল পথে নিয়ে যায়। আমরা শিশুদের সন্ত্রাসবাদে জড়াতে দিতে পারি না। ইসলামের শান্তি ও মূল্যবোধের বার্তা অবশ্যই তাদের মধ্যে নিহিত থাকতে হবে।”

গুজব, দুর্নীতি, দুর্বলদের দমন-পীড়ন সম্পর্কে তিনি সবাইকে সতর্ক থাকতে বলেছন। এ প্রসঙ্গে তিনি জুমার নামাজের সময় বিশেষ খুৎবা দেয়ার জন্য ইমামদের অনুরোধ করেন।

XS
SM
MD
LG