অ্যাকসেসিবিলিটি লিংক

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের লাশ উদ্ধার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প

পাবনা জেলার ঈশ্বরদীতে দেশের সবচেয়ে ব্যয়বহুল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল) সকালে রূপপুরের নতুনহাট এলাকায় বিদেশিদের জন্য সংরক্ষিত আবাসিক এলাকা গ্রিন সিটির একটি আবাসিক ভবনের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

কুন আলেকজান্ডার (৩১) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের টেস্ট রোসেম লিমিটেড নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, মঙ্গলবার রাতে কাজ শেষ করে আলেকজান্ডার তাঁর নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। তবু কক্ষের ভেতর থেকে তাঁর কোনো সাড়াশব্দ মেলেনি। এ অবস্থায় থানা-পুলিশকে খবর দেওয়া হয়।

বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে কক্ষের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

XS
SM
MD
LG