অ্যাকসেসিবিলিটি লিংক

আগামী সোমবার কেরল সফরে নরেন্দ্র মোদীর উপর প্রাণঘাতী হামলার হুমকি চিঠি বিজেপি-র রাজ্য দপ্তরে

ভারতের নয়া দিল্লিতে গ্লোবাল বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনের সময় একটি গৌতম বুদ্ধ মূর্তির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ এপ্রিল, ২০২৩।
ভারতের নয়া দিল্লিতে গ্লোবাল বৌদ্ধ সম্মেলনের উদ্বোধনের সময় একটি গৌতম বুদ্ধ মূর্তির প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০ এপ্রিল, ২০২৩।

সোমবার ২৪ এপ্রিল ভারতের দক্ষিণের রাজ্য কেরল সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার ঠিক আগে কেরলে বিজেপির রাজ্য কমিটির অফিসে আসা একটি হুমকি চিঠি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। সেই চিঠিতে নরেন্দ্র মোদীকে খুনের হুমকি দিয়ে বলা হয়েছে, মোদীর সফরকালে আত্মঘাতী হামলা হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে এমনিতে নিরাপত্তা আঁটোসাঁটো থাকে। কেরলেও ব্যতিক্রম হয়নি। চারিদিকে চলছে পুলিশি টহলদারি। তার মধ্যে এমন চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কেরল পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

কেরলে বিজেপির প্রধান কে সুরেন্দ্রন এই চিঠি পেয়েছেন। চিঠিটি এসেছে এক সপ্তাহ আগে। সেখানে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সফরকালে আত্মঘাতী বোমা হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এই চিঠি যিনি পাঠিয়েছেন তাকে পুলিশ ইতিমধ্যে শনাক্ত করেছে।

কেরলের এরনাকুলামের বাসিন্দা জোসেফ নামে এক ব্যক্তি চিঠিটি পাঠিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। যদিও সেই ব্যক্তি গোটা বিষয়টা অস্বীকার করেছে। তার দাবি, তাঁকে কেউ ফাঁসিয়েছে।

চিঠি পাওয়ার পর পুলিশি নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সিগুলি এই ব্যাপারে পুলিশের কাছে আরও বিস্তারিত তথ্য চেয়েছে বলেও খবর। কেরল পুলিশের এডিজি চিঠিটি গণমাধ্যমে দিয়েছেন। তাঁর দাবি এই চিঠির পিছনে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) সহ আরও কয়েকটি সংগঠনের যোগ থাকতে পারে।

সোমবার কেরলে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তিরুঅনন্তপুরমে বন্দে ভারত এক্সপ্রেসে সূচনা করবেন তিনি। এছাড়াও শোভাযাত্রা করার কথা রয়েছে।

This item is part of
XS
SM
MD
LG