বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে প্রায় ১০ মাস পর দলটির জ্যেষ্ঠ নেতারা দেখা করেছেন। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদুল ফিতর উপলক্ষে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সাত সদস্য শনিবার (২২ এপ্রিল) দিবাগত রাতে, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে তার বাসভবনে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ কালে মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান। এর আগে, গত বছর ঈদুল আজহায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বিএনপি নেতারা।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় যে প্রচেষ্টা চলছে, তা অব্যাহত রাখতে দলের চেয়ারপার্সন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে বিএনপি চেয়ারপার্সন কারাগারে অবস্থানরত দলের নেতাকর্মীদের সম্পর্কে জানতে চান।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে অবগত আছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বিদ্যমান চরম আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান বিরূপ প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সাধারণত ঈদ উপলক্ষে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে দেখা করার সুযোগ পান বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, খালেদা জিয়া এখনো খুব অসুস্থ এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, কয়েক বছর পর খালেদা জিয়া তার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে নিয়ে এবার ঈদ উদযাপন করেছেন।
জাফিয়া ও জাহিয়া গত বৃহস্পতিবার যুক্তরাজ্য থেকে দাদির সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকায় আসেন এবং তাদের মা সিঁথি গত বছরের নভেম্বরে লন্ডন থেকে দেশে আসেন।
উল্লেখ্য, ২০২০ সালের ২৫ মার্চ সরকার এক নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে গুলশানের বাসায় অবস্থান এবং দেশ ত্যাগ না করার শর্তে তার সাজা স্থগিত করে সাময়িকভাবে মুক্তি দেয়। এরপর থেকে তিনি তার বাসায় অবস্থান করছেন।