ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে যে রানা প্লাজা ভবন ধসের মতো একই ধরনের বিপর্যয় এড়ানোর চাবিকাঠি হলো, বাংলাদেশে একটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত তৈরি পোশাক (আরএমজি) শিল্প প্রতিষ্ঠা করা। ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো ১০ বছর আগের রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্মরণকালে এ কথা উল্লেখ করে।
ঢাকায় ইইউ দূতাবাস দিবসটি উপলক্ষে টুইট করে বলেছে, “ইইউ বাংলাদেশের সকল স্টেকহোল্ডারদের নিরাপত্তা, শ্রম এবং অন্যান্য আন্তর্জাতিক মান উন্নত করার প্রচেষ্টায় তাদের সমর্থন অব্যাহত রেখেছে।”
দশ বছর আগে ২৪ এপ্রিল রানা প্লাজা ভবন ধসে ১১শ’র বেশি শ্রমিক নিহত এবং আরো কয়েক হাজার শ্রমিক আহত হয়। এরপর, রানা প্লাজা ট্র্যাজেডি শ্রমিকদের অধিকার উন্নয়ন এবং সকলের জন্য নিরাপদ কারখানা নিশ্চিত করার জন্য একটি নতুন সংগ্রামের সূচনা করে।
উল্লেখ্য, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি এক আলোচনায় বললেন, সাবেক অ্যাকর্ড ও অ্যালায়েন্সের অধীনে একত্রে কাজ করা ইউনিয়ন, গ্লোবাল ব্র্যান্ড এবং নিয়োগকর্তাদের মধ্যে চুক্তির কারণে বর্তমানে পোশাক কারখানাগুলো ‘নিরাপদ’।