ঝালকাঠির নলছিটিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পশ্চিম কামদেবপুর গ্রামের ফসলের মাঠ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, প্রতিবন্ধী ওই নারী মায়ের সঙ্গে বাড়িতে থাকত। রাতে ঘরের দরজা খুলে তাঁকে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে যায়। বাড়ির পেছনের একটি ফসলের মাঠে নিয়ে তাঁকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায় তারা।
সকালে ঘরের দরজা খোলা পেয়ে ওই নারীর মা মেয়েকে অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। দুপুরে ফসলের মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, নিহতের মাথায় আঘাত এবং ধর্ষণের আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর ওই নারীকে হত্যা করে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।