অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া: ব্যক্তিগত চিকিৎসক

বাংলাদেশের ঢাকায় একটি সমাবেশের যোগ দেবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ ২০ অক্টোবর, ২০১৩। (ফাইল ছবি)
বাংলাদেশের ঢাকায় একটি সমাবেশের যোগ দেবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া৷ ২০ অক্টোবর, ২০১৩। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিভিন্ন অসুস্থতার জন্য রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

ডা. জাহিদ বলেন, “ম্যাডাম (খালেদা) একটি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেয়ায় তার স্বাস্থ্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।”

এর আগে শনিবার রাতে খালেদা জিয়াকে মেডিকেল টেস্ট ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তির পর থেকে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করার পর শনিবার রাতে মেডিকেল বোর্ডের বৈঠক হয় এবং তারা বিভিন্ন পরীক্ষার পরামর্শ দেন। সকালে মেডিকেল বোর্ডের কয়েকজন সদস্য তাকে পরীক্ষা করেন।” তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সনের আগের রোগের পাশাপাশি নতুন কিছু উপসর্গ দেখা দেয়ায় তার স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা জরুরি হয়ে পড়ে।”

খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকতে পারবেন জানতে চাইলে তিনি বলেন, “এটা নির্ভর করবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও তার শারীরিক অবস্থার ওপর। তাই এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।” জাহিদ জানান, স্থানীয় চিকিৎসক ছাড়াও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকজন চিকিৎসক এবং খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান মেডিকেল বোর্ড-এ রয়েছেন।

XS
SM
MD
LG