অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলতে বাধা নেই


বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। (ফাইল ছবি)
বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বলে আলোচিত গিয়াস উদ্দিন আল মামুনের ভাই ও বিএনপি মনোনীত ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা প্লট দুর্নীতির মামলা চলতে বাধা নেই।

এই মামলা বাতিল চেয়ে করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আর বাধা নেই। রবিবার (৩০ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। রিভিশন আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সাব্বির হামজা।

আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের জানান, “সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে দায়ের করা, মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট নেয়ার দুর্নীতি মামলা বাতিলে রিভিশন আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ফলে এই মামলা চলবে। পাশাপাশি আগে দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।”

মামলা সূত্রে জানা যায়, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় সংসদের সদস্য থাকাকালে, রাজউকে অসত্য হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় ৫ কাঠার একটি সরকারি প্লট গ্রহণ করেন হাফিজ ইব্রাহিম। এর মাধ্যমে তিনি অপরাধমূলকভাবে বিশ্বাস ভঙ্গ করে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

মিথ্যা হলফনামা দিয়ে প্লট নেয়ার অভিযোগে, দুদক ২০১৭ সালের ১৩ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করে। পরে, ২০১৯ সালের ২৩ জানুয়ারি ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত এই মামলায় অভিযোগ গঠন করেন। সেই অভিযোগ গঠনের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করলে, হাইকোর্ট ২০১৯ সালের ১৬ এপ্রিল রুল জারি করেছিলেন। সেই রুল রবিবার খারিজ করেছেন হাইকোর্ট।

XS
SM
MD
LG