অ্যাকসেসিবিলিটি লিংক

গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে শ্রমিকের স্বার্থ রক্ষা করা যাবে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যাবে না বলে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ মে) বিকালে মে দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ কথা বলেন তিনি। এ সময় সরকারের বিরুদ্ধে শ্রমজীবীসহ জনগনকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, “সবচেয়ে কষ্টে আছে আমাদের শ্রমজীবী মানুষ; সবচেয়ে কষ্টে আছে আমাদের খেটে খাওয়া মানুষ। তারা দুই বেলা দু‘মুঠো খেতে পায় না। তাই আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষকের স্বার্থে, আমাদের রুখে দাঁড়াতে হবে।”

তিনি বলেন, “জনগনকে সঙ্গে নিয়ে, ঐক্যবদ্ধ হয়ে এদেরকে (সরকার) পরাজিত করতে হবে। আজকে আমাদের শ্রমিক শ্লোগান দিয়েছে; মে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার। কারণ গণতন্ত্র যদি প্রতিষ্ঠা না হয়, যদি স্বৈরাচার দূর করা না যায়, তবে শ্রমিকের স্বার্থ রক্ষা করা যাবে না, তাদের অধিকার আদায় করা যাবে না।”

মির্জা ফখরুল বলেন, “এই সরকার জনগনের নির্বাচিত সরকার নয়। আমরা দেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ১০ দফা দিয়েছি। এর প্রধান শর্ত হচ্ছে; এই গণতন্ত্র বিরোধী সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের মাধ্যমে নির্বাচন করে জনগনের সরকার, শ্রমিকদের সরকার, কৃষকদের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আজ এই সমাবেশ প্রমাণ করে যে, বাংলাদেশ এখন জনগনের বাংলাদেশ, বাংলাদেশ এখন মুক্তির বাংলাদেশ, বাংলাদেশ এখন গণতন্ত্রের বাংলাদেশ।” ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর মাধ্যমে মানুষের বাক স্বাধীনতাকে বন্ধ করে রাখা হচ্ছে উল্লেখ করে বিভিন্ন ঘটনা তুলে ধরেন বিএনপি মহাসচিব।

XS
SM
MD
LG