অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়াকে কারাগারে নেয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্ত্রীদের মন্তব্যকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ মে) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “ অপপ্রচারের অর্থ হলো তাকে আবার কারাগারে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে।”

বিএনপি মহাসচিব বলেন, “চেয়ারপার্সন অসুস্থ… আজ নয়, বেশ কিছুদিন ধরে অসুস্থ। আপনারা জানেন একবার তাকে চার মাস হাসপাতালে থাকতে হয়েছে এবং তখনো আপনাদেরকে বার বার করে বলেছি, তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন। তার মধ্যে আছে লিভার সংক্রান্ত জটিলতা, হৃদরোগের সংক্রান্ত জটিলতা, তার ডায়বেটিক জটিলতা আছে… এই বিষয়গুলো সবাই জানেন।”

মির্জা ফখরুল আরো বলেন, “এরপরও যদি তারা এই সব কথাবার্তা বলে, অপপ্রচার করে…. এই কথা বলার অর্থই হচ্ছে তারা আবার কোনো গভীর চক্রান্ত করছে। চক্রান্তের মধ্য দিয়ে তাকে (খালেদা জিয়া) তারা আবার কারাগারে নিতে চায়; এমন পরিকল্পনা-চক্রান্ত করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, “আমরা বার বার করে বলেছি যে, তার চিকিৎসা পাওয়া একটা মৌলিক অধিকার। এজন্য ডাক্তারা বলেছেন, তার মেডিকেল বোর্ড বলেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। বাংলাদেশে তার সেই উন্নত চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। উপরন্তু এই ধরনের (অপপ্রচার) কথাবার্তা বলে অমানবিক আচরণ করছেন। তারা আমাদের নেত্রীর সঙ্গে এবং জনগণের সঙ্গে তামাশা করছেন।”

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। রাজধানীর গুলশানের বাসায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিলো। গত ২০ এপ্রিল মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হাসপাতালে ভর্তি হন তিনি।

XS
SM
MD
LG