অ্যাকসেসিবিলিটি লিংক

সংঘাতময় খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশি

সুদানের সংঘাতময় রাজধানী খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন বাংলাদেশের ৬৭৫ জন নাগরিক। বৃহস্পতিবার (৪ মে) এক ফেসবুক পোস্টে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হচ্ছে।”

শাহরিয়ার আলম আরো বলেন, “আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের, জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাবো। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।”

দুই দিন আগে খার্তুম থেকে বাসে করে ৬৫০ জন বাংলাদেশি পোর্ট সুদানের উদ্দেশে রওনা হন। তারা লোহিত সাগর অতিক্রম করে পোর্ট সুদান থেকে জেদ্দা বন্দর যাবেন। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতা করার জন্য বাংলাদেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, “কারণ কর্মকর্তারা নিরাপদ স্থানান্তর সম্পূর্ণ করতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন।” যারা কর্মকর্তাদের নির্দেশনা মানতে অস্বীকার করবে, তাদের আইনি পরিণতির বিষয়ে সতর্ক করেছেন তিনি।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, “কয়েকজনের জন্য সকলের জীবনকে আমরা নিরাপত্তা ঝুঁকিতে ফেলবো না।” যেসব বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট আছে, তাদের অবিলম্বে জাহাজে নেয়ার জন্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ব্যবস্থা করা হয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল ডকুমেন্ট দেয়া হবে এবং বেশ কয়েকটি সৌদি জাহাজ থাকায় তারা পরবর্তী উপলব্ধ জাহাজ পাবেন।”

XS
SM
MD
LG