বাংলাদেশের বিস্তির্ণ অঞ্চল জুড়ে আবারো তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এ কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর সোমবার (৮ মে) জানিয়েছে “দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপ আরো তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।”
আবহাওয়া অধিদপ্তর আরো বলেছে, “রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী ও বান্দরবান জেলা এবং সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।”
এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে বলেও জানায় আবহাওয়া বিভাগ। এছাড়া, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায়, বাংলাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হয়।