অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত মহাসাগরীয় সম্মেলন ১২-১৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে—পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন

 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও অন্যান্যরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও অন্যান্যরা।

বাংলাদেশের রাজধানী ঢাকায় ১২ ও ১৩ মে ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স—আইওসি) অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব’।

বুধবার (১০ মে) সকালে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণাপ্রতিষ্ঠান ইন্ডিয়া ফাউন্ডেশন ঢাকায় এই সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।

আব্দুল মোমেন বলেন, “এই সম্মেলন আয়োজনের মাধ্যমে ভারত মহাসাগরের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব আরও জোরদার হবে”।

তিনি জানান, সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজসিং রূপুন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ২৫টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল যোগ দেবেন।

সাংবাদিকদের আব্দুল মোমেন বলেন, সম্মেলনে ডি৮, সার্ক ও বিমসটেকের প্রতিনিধিসহ প্রায় ১৫০ জন বিদেশি অতিথি অংশ নেবেন।

অংশগ্রহণকারী মন্ত্রীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, মরিশাসের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে এবং প্রেসিডেন্টের সফরের মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার হবে।

এক প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, সম্মেলনে মিয়ানমারকে আমন্ত্রণ জানানো হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ মে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের উদ্বোধন করবেন। তিনি অতিথিদের সম্মানে একটি নৈশভোজেরও আয়োজন করবেন।

বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়া ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলনের ষষ্ঠ আসর বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে।

স্থিতিশীল ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্ব—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভারত মহাসাগরীয় অঞ্চলকে শক্তিশালী করার রোডম্যাপ প্রণয়নের জন্য মূল অংশীজনদের একটি আলোকিত সমাবেশ অনুষ্ঠিত হবে।

ভারত মহাসাগরীয় সম্মেলন ২০১৬ সালে শুরু হয় এবং গত ৬ বছরে এটি আঞ্চলিক বিষয়ে এই অঞ্চলের দেশগুলোর জন্য ফ্ল্যাগশিপ কনসালটেটিভ ফোরাম হিসেবে আবির্ভূত হয়েছে।

এই সম্মেলনে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো এবং প্রধান সামুদ্রিক অংশীদারদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে এই অঞ্চলের সকলের জন্য সুরক্ষা ও প্রবৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা যায়।

সম্মেলনের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০১৬ সালে সিঙ্গাপুরে। এতে মন্ত্রী, রাজনৈতিক নেতা, কূটনীতিক, কৌশলগত চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গণমাধ্যমের প্রতিনিধিসহ ২২টি দেশের ৩০০ জনেরও বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।

XS
SM
MD
LG