অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সহযোগিতা সন্তোষজনক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ ও ভারত বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১১ মে) রাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে এই সন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি জানান, দুই পক্ষই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে শেখ হাসিনা ও জয়শঙ্কর কোভিড-পরবর্তী মহামারি এবং ইউক্রেন যুদ্ধের পটভূমিতে উদ্ভূত পরিস্থিতির মধ্যে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতি নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, তাঁরা ঢাকায় ১২ ও ১৩ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন এবং সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলন নিয়েও আলোচনা করেন।

শেখ হাসিনা আশা প্রকাশ করেন, ভারত উন্নত ও স্বল্পোন্নত দেশের মানুষের স্বার্থকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।

জয়শঙ্কর ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশের অংশগ্রহণ অনেক বড়।

এ সময় প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন।

This item is part of
XS
SM
MD
LG