অ্যাকসেসিবিলিটি লিংক

সুদান প্রত্যাগতদের পুনর্বাসনে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়


সুদানের সাম্প্রতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সরকার, সুদান থেকে ৭ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে নিরাপদে ফেরত আনার ব্যবস্থা করেছে। প্রত্যাগতদের অর্থ-সহায়তার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (১৫ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার(১৪ মে) সুদান থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীদের আর্থ-সামাজিক পুনর্বাসনের বিষয়ে সহযোগিতার লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।

সভায় সিদ্ধান্ত হয়, যেসব কর্মী দেশে ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহী, তাদেরকে বাংলাদেশ ব্যাংকের বিধান প্রতিপালন সাপেক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বিনা জামানতে তিন লাখ টাকা, সহ-জামানতে পাঁচ লাখ টাকা এবং জামানতসহ ৫০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ ঋণ দেয়া হবে।

সুদান ফেরত যেসব কর্মী পুনরায় বিদেশ যেতে চান, প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পছন্দের দেশে পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা করা হবে। বিশেষ করে সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং অন্য যেসব দেশে কর্মী পাঠায়, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানো হবে।

ইমরান আহমেদ বলেন, “পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত উদ্যোগসমূহ কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সুদান ফেরত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে একটি ডাটাবেস তৈরি করা হবে।” এ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড/সংশ্লিষ্ট জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের (ডিএমও) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ প্রত্যাগত কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি। ডিএমও-এর ঠিকানা www.bmet.gov.bd-তে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

XS
SM
MD
LG