অ্যাকসেসিবিলিটি লিংক

সেপ্টেম্বরের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলবে: রেলমন্ত্রী নূরুল ইসলাম

বাংলাদেশের রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল হবে। মঙ্গলবার (১৬ মে) দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নির্মাণাধীন কক্সবাজার স্টেশন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নূরুল ইসলাম সুজন বলেন, “রেলকে সাশ্রয়ী, নিরাপদ ও আরামদায়ক করে গড়ে তোলার জন্য, মন্ত্রণালয় ও রেলওয়ে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দোহাজারী থেকে কক্সবাজারে সিঙ্গেল লাইনকে ডুয়েল গেজ করা হচ্ছে।”

তিনি বলেন, বর্তমান সরকারের ১০টি অগ্রাধিকার প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প রেলওয়েতে বাস্তবায়ন হচ্ছে। এগুলো হলো; পদ্মা সেতু রেল সংযোগ ও দোহাজারী-কক্সবাজার নতুন রেললাইন নির্মাণ প্রকল্প।

রেলমন্ত্রী বলেন, কক্সবাজারে ট্রেনে করে আসার জন্য সারাদেশের মানুষ আগ্রহভরে অপেক্ষা করছেন। কাজের সুবিধার জন্য এই প্রকল্পকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এছাড়া, আগস্টের মধ্যে কাজ শেষ করে সেপ্টেম্বরে তা উদ্বোধনের জন্য সার্বিকভাবে চেষ্টা চলছে।”

ট্রেন চলাচল শুরু হলে কালুরঘাট সেতু কোনো সমস্যা তৈরি করবে কি না-জানতে চাইলে, নূরুল ইসলাম সুজন জানান যে কালুরঘাট সেতু সংস্কারের জন্য একটি বিশেষজ্ঞ দল কাজ করছে।

কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল শুরু হলে টুরিস্ট ট্রেন চালু করা হবে কিনা; এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, “এখানে আধুনিক মানের ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।” প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৪ শতাংশ বলে জানান রেলমন্ত্রী।

অন্যদিকে, প্রকল্প পরিচালক জানান, “এ প্রকল্পের এখন কোন চ্যালেঞ্জ নেই। বিদেশ থেকে সকল মালামাল এসে পৌছেছে। এখন শুধু ফিটিং-এর কাজ চলছে, আশা করা যাচ্ছে সেপ্টেম্বরের মধ্যে ট্রেন চালু করা সম্ভব হবে।”

XS
SM
MD
LG