জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনইএসসিএপি) এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অফ টেকনোলজি (এপিসিটিটি) পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (১৯ মে) ইউএনইএসসিএপি-এর ৭৯তম কমিশন অধিবেশনের সমাপনী সভা চলাকালে নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়। চীন, ইরান, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, রাশিয়ান ফেডারেশন, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং উজবেকিস্তান এপিসিটিটি পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়।
স্বাগতিক দেশ হিসেবে ভারত গভর্নিং কাউন্সিলের স্থায়ী সদস্য। নতুন সদস্য রাষ্ট্রগুলো ২০২৩ থেকে ২০২৬ সাল মেয়াদে পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করবে।
এপিসিটিটি, ভারতের নয়া দিল্লিতে অবস্থিত ইউএনইএসসিএপি-এর একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। এটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইউএনইএসসিএপি-এর সদস্য রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির বিকাশ ও হস্তান্তরের জন্য কাজ করে।
উল্লেখ্য, বাংলাদেশ গত বছরের ইউএনইএসসিএপি-এর ৭৮তম কমিশনের অধিবেশনে, ইউএনইএসসিএপি-এর পরিসংখ্যান (এসআইএপি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (এপিসিআইসিটি), কৃষি (সিএসএএম) এবং দুর্যোগ ব্যবস্থাপনা (এপিডিআইএম) ক্ষেত্রে অপর চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়।
এখন বাংলাদেশই একমাত্র দেশ, যেটি ইউএনইএসসিএপি-এর পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচিত সদস্য।