বাংলাদেশের বান্দরবানে, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (১৯ মে) বিকালে সেনাবাহিনীর একটি টহল দল জেলার রুমা বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লোঙ্গা খুমী রুমা উপজেলার ঙাচা খুমীর ছেলে। জানা গেছে, তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক মানবজমিন পত্রিকার রুমা প্রতিনিধি। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি দীর্ঘদিন যাবত সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন বলে জানিয়েছে সেনা সূত্র। সূত্র মতে, কেএনএফ-এর সাথে তার যুক্ত থাকার বিষয়ে কেএনএফ-এর একটি নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে আসে। সেই সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়।
নথিতে কেএনএফের শীর্ষ নেতৃত্বের একটি তালিকা রয়েছে। তালিকায়, প্রেসিডেন্ট হিসেবে নাথান বম-এর নাম রয়েছে। অন্যান্য নেতার মধ্যে কেএনএফ-এর অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে লোঙ্গা খুমীর নাম উল্লেখ রয়েছে।
গোয়েন্দা সূত্র বলেছে, মিডিয়া জগতে কেএনএফ-এর পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি প্রায় দুই বছর পমানবজমিন পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন। লোঙ্গা খুমী রুমা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি গত ২০১৬ সালে রুমা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
সূত্র মতে, লোঙ্গা খুমী ২০০৮ সালে কুকি-চিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও) এর সহ-সভাপতি ছিলেন। পরে তিনি কেএনএফ-এর অ্যাসিস্ট্যান্ট ফরেন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “তার বিরুদ্ধে রুমা থানায় মামলা হয়েছে।তাকে আদালতে পাঠানো হয়েছে।”