চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ৪১৫ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। রবিবার (২১ মে) ভোররাতে (শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৩০০১) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ঢাকা থেকে বিমান যাত্রায় জেদ্দা পৌঁছাতে সময় লাগে সাধারণত ৪ ঘন্টা।
এছাড়া, বিমানের আরো চারটি ফ্লাইট রবিবার বিভিন্ন সময়ে জেদ্দার উদ্দেশে হজ যাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করার কথা।
হজ ফ্লাইট ছেড়ে যাওয়ার সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে হজযাত্রীদের বিদায় জানান।
এ সময় বিমান প্রতিমন্ত্রী হজযাত্রীগণের কাছে বাংলাদেশের সুখ, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি অব্যাহত থাকার জন্য দোয়া করার জন্য আহবান জানান।
এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকিদের পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স ও ফ্লাই নাস। গত শুক্রবার ( ১৯ মে) হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।