অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফর ঘনিষ্ঠ বন্ধুত্বের চিহ্ন বহন করে: পররাষ্ট্রমন্ত্রী মোমেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই দফা কাতার সফর, কাতারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ অবস্থানের চিহ্ন বহন করে।” সোমবার (২২ মে) কাতার ইকোনমিক ফোরাম-এ যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আব্দুল মোমেন এ কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, “এই ফোরামটি সমসাময়িক ৯টি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করবে। এগুলো হলো; জ্বালানি নিরাপত্তা; প্রযুক্তি ও উদ্ভাবন; বাজার ব্যবস্থা পরিবর্তন; স্বাস্থ্য খাতে উদ্ভাবন; জলবায়ু অর্থায়ন; বাণিজ্য কৌশল ও ব্যবস্থা; চতুর্থ শিল্প বিপ্লবে জনশক্তি; ডিজিটাল বিশ্বের খেলাধুলা এবং বিদেশি বিনিয়োগের ভবিষ্যত।

আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের বিশিষ্ট অর্থনীতিবিদ ও নেতৃস্থানীয় ব্যবসায়ী নেতারা এসব বিষয়ে আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি’র আমন্ত্রণে কাতার ইকোনমিক ফোরাম-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে সোমবার বিকালে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ২৩-২৫ মে অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার অর্থনৈতিক ফোরাম: আ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে যোগ দেবেন।

২৩ মে শেখ হাসিনা তৃতীয় কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন, দোহায় কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবি এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ এ. আল-ফালিহ’র সঙ্গে পৃথক বৈঠক করবেন।

২৪ মে প্রধানমন্ত্রী ফোরামে যোগ দেবেন, আমিরি দিওয়ানে কাতারের আমিরের সঙ্গে বৈঠক করবেন এবং আওসাজ একাডেমি (একটি বিশেষ স্কুল) পরিদর্শন করবেন। আগামী ২৫ মে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

এই ফোরামের মূল উদ্দেশ্য হলো, বিশ্বব্যাপী চলমান বহুমুখী চ্যালেঞ্জ ও সংকট এবং এর ফলে উদ্ভূত বিরূপ অর্থনৈতিক পরিণতি মোকাবেলায়, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সমাধান খুঁজে বের করা।

XS
SM
MD
LG