অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলাম বিরোধী মন্তব্য করার দায়ে হিন্দু যুবকের ১০ বছরের কারাদণ্ড

রংপুরে ইসলাম ধর্মবিরোধী মন্তব্য করার দায়ে টিটু নামে এক হিন্দু যুবককে ১০ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ মে) রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত টিটু রায় রংপুরের গঙ্গাচড়া থানার হরিকলি ঠাকুরপাড়ার মৃত খগেন্দ্রনাথ রায়ের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রায় ৬ বছর আগে ফেসবুকে ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের মামলায় রংপুরের একটি আদালত টিটু রায়কে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, নারায়ণগঞ্জে কর্মরত থাকাকালে ২০১৭ সালের ২৮ অক্টোবর টিপু সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম বিরোধী মন্তব্যের পোস্টটি আপলোড করেন। একই বছরের ১০ নভেম্বর রংপুরের শ্লেয়াশাহ বাজারে টিটুর শাস্তির দাবিতে স্থানীয় মুসলমানেরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ঠাকুরপাড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পরে এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গাচড়া থানায় পৃথক দুটি মামলা হয়।

রায় প্রকাশে সন্তোষ প্রকাশ করে পিপি বলেন, তারা ন্যায়বিচার পেয়েছেন এবং এটি ধর্মের অবমাননার একটি দৃষ্টান্ত হবে।

অপর দিকে অভিযুক্তের আইনজীবী প্রশান্ত কুমার রায় জানান, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ায় এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

XS
SM
MD
LG