বাংলাদেশের খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান তার প্রার্থীতা ফিরে পেয়েছেন। এর আগে, মনোনয়ন পত্রে ভুলের কারণে তার প্রার্থীতা বাতিল করেছিলেন রিটার্নি অফিসার।
এক রিট আবেদনের প্রেক্ষিতে, বিচারপতি জাফরুল্লাহ ও বিচারপতি বশিরউল্লার দ্বৈত হাইকোর্ট বেঞ্চ রবিবার (২৮ মে) এক আদেশে, আসন্ন নির্বাচনে মেয়র পদে তার প্রার্থীতা ফিরিয়ে দেয়ার জন্য এবং তার জন্য প্রতীক বরাদ্দ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম মুশফিকুর রহমান।
স্বতন্ত্রপ্রার্থী মুশফিকুর রহমানের আইনজীবী এস এম মাহবুবুর রহমান বলেন, “খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আমার মক্কেলের যে ভুলের কারণে প্রার্থীতা বাতিল করেছিলেন রিটার্নি অফিসার, তার বিরুদ্ধে বিভাগীয় কমিশনার বরাবর আপিল করা হয়েছিলো। সেখানেও তিনি অধিকার বঞ্চিত হন। আজ (২৮ মে) আদালত তার অধিকার ফিরিয়ে দিয়েছেন, আমরা ন্যায় বিচার পেয়েছি।”