কয়েক দিন বৃষ্টিপাতের পর, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর(বিএমডি) জানিয়েছে, সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে শুরু হয়েছে মৃদু তাপপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু অংশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে বলে জানিয়েছে বিএমডি।
আবহাওয়া বিভাগ আরো জানায়, বাংলাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া, খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিএমডি এক বুলেটিনে বলেছে, দিনের তাপমাত্রা (এক থেকে দুই) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এদিকে, রবিবার (২৮ মে) বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বরিশালের খেপুপাড়ায়। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায়, ২২ ডিগ্রি সেলসিয়াস।