অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)
বাংলাদেশের জাতীয় সংসদ ভবন। (ফাইল ছবি)

বাংলাদেশ জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বুধবার (৩১ মে) বিকেল ৫টা ৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২৩তম এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়।

সংসদের এ অধিবেশনে বৃহস্পতিবার (১ জুন) ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হবে। বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের মাথ্যমে তাঁকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে সংসদের ২৩তম অধিবেশন (বাজেট অধিবেশন) আহ্বান করেছেন।

গত ১১ মে (বৃহস্পতিবার) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৬৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে। এতে পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ ৭৫ হাজার ৯৪৫ কোটি টাকা (২৮ দশমিক ৮৮ শতাংশ)।

মূল এডিপি বরাদ্দের মধ্যে ১ লাখ ৬৯ হাজার কোটি টাকা স্থানীয় উৎস থেকে এবং ৯৪ হাজার কোটি টাকা বিদেশি উৎস থেকে নেওয়া হবে।

২০২২ সালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পেশ করেন।

২৩তম অধিবেশনের জন্য ৫ সদস্যের প্যানেল চেয়ারম্যান মনোনীত

এর আগে একাদশ সংসদের ২৩তম অধিবেশনের জন্য ৫ সদস্যের প্যানেল অব চেয়ারম্যান মনোনীত করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বুধবার তিনি এই প্যানেল মনোনীত করেন।

প্যানেল সদস্যরা হলেন আ স ম ফিরোজ, তানভীর শাকিল জয়, ডা. প্রাণ গোপাল দত্ত, ডা. রুস্তম আলী ফরাজী ও বেগম আঞ্জুম সুলতানা।

দিনের কার্যক্রমের শুরুতে স্পিকার তাদের নাম ঘোষণা করেন।

তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কালানুক্রমিকভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করবেন।

XS
SM
MD
LG