অ্যাকসেসিবিলিটি লিংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের ২ পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ কয়েকজন আহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর এবং একজন পুলিশ সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাস ছাত্রলীগের বগিভিত্তিক দুই উপদল সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও সিক্সটি নাইনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। যা থেমে থেমে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলে।

জানা গেছে, হোটেলে খাবার খেতে গিয়ে দুই পক্ষের জুনিয়র কর্মীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় সিএফসি উপদলের নেতাকর্মীরা শাহ আমানত হল এবং সিক্সটি নাইন উপদলের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে সেখান থেকে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ চলতে থাকে। ইটের আঘাতে কয়েকজন আহত হন। তাদের সবার নাম ও পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, “সংঘর্ষে আমাদের একজন সহকারী প্রক্টর এবং একজন পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে”।

XS
SM
MD
LG