নতুন মিশন প্রধানসহ বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে বেশ কিছু রদবদল করেছে সরকার।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে জানিয়েছে, ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের বর্তমান হাইকমিশনার গোলাম সারওয়ার সার্কের মহাসচিব হিসেবে যোগ দেবেন।
মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলামকে ইতালিতে রাষ্ট্রদূত করা হয়েছে।
ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ মিসরে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন।
টরন্টোতে নিয়োজিত বাংলাদেশের কনসাল জেনারেল লুৎফর রহমানকে ভিয়েতনামে রাষ্ট্রদূত করা হয়েছে।
পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেবেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। পর্তুগালে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত তারিক আহসানের অবসরে যাওয়ার কথা রয়েছে।