অ্যাকসেসিবিলিটি লিংক

খুলনা সিটি নির্বাচন: এক কাউন্সিলর প্রার্থীকে শোকজ, দুই প্রার্থীকে জরিমানা

বাংলাদেশের খুলনা সিটি করপোরেশন
বাংলাদেশের খুলনা সিটি করপোরেশন

বাংলাদেশের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে, ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলামকে শোকজ ও আরো দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ জুন) রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন ও ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে এই ব্যবস্থা গ্রহণ করেন।

জরিমানার দণ্ডপ্রাপ্ত দুই কাউন্সিলর প্রার্থী হলেন; ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ বিকু ও নিয়ামুল ইসলাম খালেদ।

রিটার্নিং অফিসার মো. আলাউদ্দিন বলেন, “বৃহস্পতিবার (১ জুন) রাত সাড়ে আটটার দিকে, ২২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মিষ্টি কুমড়া প্রতীকের মো. তাজুল ইসলাম, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিদ্বন্দ্বী লাটিম প্রতীকের আবুল কালাম আজাদ বিকুর নির্বাচনী অফিস ভাঙচুর ও তার কর্মী সমর্থকদের মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া যায়। শুক্রবার ঘটনার সরেজমিন তদন্তে সত্যতা পাওয়া যায়, যা নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন। এ কারণে কাউন্সিলর প্রার্থী মো. তাজুল ইসলামকে শোকজ নোটিশ দেয়া হয়েছে।”

অন্যদিকে, নির্বাচনের আচরণবিধি প্রতিপালনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতীম চক্রবর্র্তী ও রেফায় ই আবিদ, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুক্রবার বিকালে নগরীর খালিশপুরের পিপলস নিউ কলোনি মাঠ এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কালাম আজাদ এবং নিয়ামুল ইসলাম খালেদকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

দুই কাউন্সিলর প্রার্থী নির্বাচন কমিশনের অনুমতি না নিয়ে মিছিল, সমাবেশ এবং মাইক ব্যবহার করায় এই জরিমানা করা হয়।

XS
SM
MD
LG