অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন—বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল

তামিম ইকবাল। (ফাইল ছবি)
তামিম ইকবাল। (ফাইল ছবি)

বিশ্বকাপ ক্রিকেট ভারতে শুরু হবে ৫ অক্টোবর থেকে। এ উপলক্ষে আইসিসিকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ তাঁর দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। কারণ এটি এমন একটি আয়োজন, যেখানে কোনও ম্যাচই সহজ নয়।

প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন তামিম। তিনি মনে করেন, এই সংস্করণের বিশ্বকাপ সাদা বলে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।

তামিম ইকবাল বলেন, “এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে”।

তবুও তিনি ভালো পারফরম্যান্সের জন্য আশাবাদী, কারণ ভারতের কন্ডিশন বাংলাদেশ দলের কাছে বেশ পরিচিত।

তামিম ইকবাল বলেন, “বিশ্বকাপে আমাদের দল নিয়ে আমরা আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা”।

গত তিন বছরে বাংলাদেশ দেশে ও বিদেশে মোট ৩৬টি ওয়ানডে খেলেছে। এর মধ্যে টাইগাররা ২৩টি ম্যাচ জিতেছে।

অন্যদিকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড একই সময়ে ৩৩টি ম্যাচ খেলে ১৭টিতে জয়লাভ করেছে। যেখানে রানার্সআপ নিউজিল্যান্ড ৩২টি ম্যাচ খেলে ১৮টিতে জয়ী হয়েছে।

বাংলাদেশ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশ মোট ৯টি ম্যাচ খেলবে। লিগ পর্বে বাংলাদেশ ১২ নভেম্বর পুনেতে তাদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

বাংলাদেশের খেলাগুলো ৬টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো ধর্মশালা, কলকাতা, চেন্নাই, পুনে, মুম্বাই ও দিল্লি।

This item is part of
XS
SM
MD
LG