অ্যাকসেসিবিলিটি লিংক

শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ

ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ। (ফাইল ছবি)
ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ। (ফাইল ছবি)

পাঁচ দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে ফ্রান্স নৌবাহিনীর জাহাজ এফএস সার্কাফ। রবিবার (২ জুলাই) জাহাজটি চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছালে, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরদিপ্তরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাহাজটিকে স্বাগত জানাতে, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এবং নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ উপস্থিত ছিলেন।এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘স্বাধীনতা’ অভ্যর্থনা জানায়।

বাংলাদেশ সফররত জাহাজটিতে ১৭০ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন। ১২৫ মিটার দৈর্ঘ্যের ফ্রান্সের এই জাহাজের অধিনায়কের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন জেরোম ডুবইস। অবস্থানকালে জাহাজটির অধিনায়ক, কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

চট্টগ্রাম নৌ অঞ্চলে অবস্থানকালে সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা পতেঙ্গা, নৌবাহিনীর সমর কৌশল বিষয়ক প্রশিক্ষণ কেন্দ্র ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিস’, চট্টগ্রাম ওয়ার সিমেট্রিসহ চট্টগ্রামের দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।

এছাড়া ফ্রান্সের নৌবাহিনীর সদস্য ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফ্রান্স নৌবাহিনীর এ জাহাজের চট্টগ্রাম সফরের ফলে বাংলাদেশের সাথে ফ্রান্সের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৬ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে।

This item is part of
XS
SM
MD
LG