অ্যাকসেসিবিলিটি লিংক

ড. ইউনূসের লিভ টু আপিল খারিজ, দানকর দিতে হবে ১২ কোটি টাকা

বাংলাদেশী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। (ফাইল ছবি)
বাংলাদেশী নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস। (ফাইল ছবি)

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের দানকর বিষয়ে আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড আরোপিত দানকর বৈধ ঘোষণা করা রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) চেয়ে আবেদন করেছিলেন তিনি।

রবিবার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ রায়ের ফলে ড. মুহাম্মদ ইউনূসকে ১২ কোটি টাকা দানকর বাবদ জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরিশোধ করতে হবে।

এর আগে, ২১ জুন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন ড. ইউনূস। এর পর, গত ১৭ জুলাই প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ ২৩ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেন।

এর ধারাবাহিকতায় রবিবার শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। ড. ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯০ সালের দানকর আইন অনুযায়ী ২০১১-২০১২ করবর্ষে মোট ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে প্রায় ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর।

আর, ২০১২-২০১৩ করবর্ষে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে ১ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকা দানকর দাবি করা হয়। অন্যদিকে, ২০১৩-২০১৪ করবর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে এক কোটি ৫০ লাখ ২১ হাজার টাকা কর দাবি করে নোটিশ দেয় এনবিআর।

দানের বিপরীতে কর দাবি করে এনবিআরের পাঠানো নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল ট্রাইব্যুনালে মামলা করেন ড. ইউনূস। তার দাবি, আইন অনুযায়ী দানের বিপরীতে এনবিআর এমন কর দাবি করতে পারে না।

এরপর, ২০১৪ সালের ২০ নভেম্বর তার আবেদন খারিজ করে দেয়া হয়। ২০১৫ সালে তিনি হাইকোর্টে ৩টি আয়কর রেফারেন্স মামলা করেন। মামলাগুলোর প্রাথমিক শুনানি নিয়ে, দানকর দাবির নোটিশের কার্যকারিতা স্থগিত করে ২০১৫ সালে রুল জারি করেন হাইকোর্ট।

রুলের চূড়ান্ত শুনানি শেষে ড. ইউনূসের নিজের নামে প্রতিষ্ঠিত তিনটি ট্রাস্টে যে টাকা দান করেছেন, সেই দানের বিপরীতে এনবিআরের আরোপ করা দানকর বৈধ ঘোষণা করে গত ৩১ মে রায় দেন হাইকোর্ট।

ইতোমধ্যে ড. ইউনূস প্রায় ৩ কোটি টাকা পরিশোধ করেছে। এই রায়ের ফলে বাকি ১২ কোটি টাকার বেশি কর পরিশোধ করতে হবে তাকে।

This item is part of
XS
SM
MD
LG