অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রের আইনজীবীর কাছে জানতে চাইল জম্মু-কাশ্মীরে ভোট কবে

চার বছরেও জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানো যায়নি। প্রায়ই জঙ্গি হামলা চলছে।
চার বছরেও জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানো যায়নি। প্রায়ই জঙ্গি হামলা চলছে।

চার বছর আগে সংসদে বিল এনে ভারতের কেন্দ্র সরকার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদার ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিল করে দেয়। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরকে দুই ভাগ করে লাদাখকে আলাদা করে দেয় কেন্দ্রীয় সরকার । একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তার আগে রাজ্য বিধানসভা ভেঙে দেয় কেন্দ্র। ২০১৯ থেকে লাদাখ ও জম্মু কাশ্মীর রাষ্ট্রপতি শাসনাধীন।

মঙ্গলবার ২৯ অগাস্ট একটি মামলায় দেশের শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে জম্মু কাশ্মীরে বিধানসভার ভোট কবে হবে এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কী তা জানতে চান।

ভারতের শীর্ষ আদালতের আরও প্রশ্ন, কেন্দ্রশাসিত জম্মু- কাশ্মীরকে কবে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৯ এর ৫ অগাস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় ঘোষণা করেন জম্মু-কাশ্মীরকে আপাতত কিছুদিনের জন্য কেন্দ্রশাসিত রাজ্য গণ্য করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তখন ফের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার শীর্ষ আদালত সংসদে সরকারের সেই ঘোষণার প্রসঙ্গ তোলে। ওই রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বিরোধিতা করে একগুচ্ছ মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। গত তিন সপ্তাহ ধরে সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে।

শীর্ষ আদালতের প্রশ্নের জবাবে সলিসিটর জেনারেল জানান, কেন্দ্রীয় সরকার কিছু দিনের মধ্যেই এই ব্যাপারে অবস্থান জানাবে। তবে নির্দিষ্ট করে কোনও তারিখ জানাননি সলিসিটর জেনারেল।

প্রসঙ্গত, পিডিপি, ন্যাশনাল কনফারেন্স সহ জম্মু-কাশ্মীরের স্থানীয় দলগুলি লাগাতার দাবি জানিয়ে আসছে ওই রাজ্যে বিধানসভা নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে।

কেন্দ্রীয় সরকারের পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী জম্মু-কাশ্মীরে এতদিনে ভোট হয়ে যাওয়ার কথা। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের অনুমান চার বছরেও জম্মু-কাশ্মীরে শান্তি ফেরানো যায়নি। প্রায়ই জঙ্গি হামলা চলছে। তাছাড়া কাশ্মীরি পণ্ডিত সমাজের ক্ষোভ এখনও সামাল দেওয়া যায়নি।

তবে বিজেপির একটি মহলের মতে, আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলন শুরুর আগে জম্মু-কাশ্মীর নিয়ে কেন্দ্র বড় ঘোষণা করতে পারে। ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ওই সম্মেলনে বিশ্বের ২০টি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্র প্রধানেরা হাজির থাকবেন। তার আগে দেশে গণতান্ত্রিক পরিমণ্ডল বহাল আছে বোঝাতে জম্মু-কাশ্মীর নিয়ে ইতিবাচক পদক্ষেপ করতে পারে।

This item is part of
XS
SM
MD
LG