অ্যাকসেসিবিলিটি লিংক

জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জি-২০ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) নয়াদিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে পৌঁছালে লাল গালিচায় তাকে স্বাগত জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ১০ মিনিট) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে, ঢাকার সময় বেলা ১১টায়, বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা তার বড় বোন শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর)পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বিষয় আলোচনায় আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “দ্বিপক্ষীয় বৈঠকের আগে কৃষি গবেষণা, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এবং বাংলাদেশ ও ভারতীয় রুপির (দুই দেশের সাধারণ মানুষের) মধ্যে লেনদেন সহজীকরণ বিষয়ে ৩টি সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।”

৩ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৯ সেপ্টেম্বর) জি-২০ শীর্ষ সম্মেলনের দুটি অধিবেশনে ভাষণ দেবেন। তিনি গ্লোবাল সাউথে জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং ইউরোপে চলমান যুদ্ধের কারণে জ্বালানি, খাদ্য ও সার এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের বৈশ্বিক সরবরাহ ব্যাহত হওয়ার মতো বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়ে আলোকপাত করবেন।

শেখ হাসিনা সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতৃবৃন্দের কাছে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরবেন। আব্দুল মোমেন জানান, সম্মেলনের ফাঁকে শেখ হাসিনা শনিবার সফররত আরো ৪ থেকে ৫ জন নেতার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।

সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ১০ সেপ্টেম্বর (রবিবার) দুপুর সাড়ে ১২ টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে দেশের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

This item is part of
XS
SM
MD
LG