অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ: সোমবার ঢাকা আসছেন স্যার ফিলিপ বার্টন

স্যার ফিলিপ বার্টন। (ফাইল ছবি)
স্যার ফিলিপ বার্টন। (ফাইল ছবি)

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে সোমবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন। পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি হলো এফসিডিও-এর সবচেয়ে সিনিয়র বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিক।

এই সফরে স্যার ফিলিপ এর প্রধান লক্ষ্য হবে, পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ। এই সংলাপে, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন। আগামী ১২ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের উপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলার যে অঙ্গীকার রয়েছে, সেই লক্ষ্যে এই কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

যুক্তরাজ্য সরকারের মতে, এই সংলাপে, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক; অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় আলোচনা করা হবে।সেই সঙ্গে, এই সংলাপ, দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ-২৮ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে। এ ছাড়া যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব তুলে ধরা হবে এই সংলাপে।

ঢাকায় অবস্থান কালে পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন, বাংলাদেশের রাজনীতিবিদ, সুশীল সমাজের সংগঠন, ব্যবসায়ী নেতা ও যুব প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি হিসেবে স্যার ফিলিপের এটাই প্রথম বাংলাদেশ সফর। এর আগে, তিনি ২০০৮ সালে এফসিও’র ডিরেক্টর সাউথ এশিয়া পদে থাকাকালে বাংলাদেশ সফর করেন।

This item is part of
XS
SM
MD
LG