অ্যাকসেসিবিলিটি লিংক

লিবিয়ায় বন্যায় হাজার হাজার মানুষ নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের সমবেদনা

ভয়াবহ বন্যায় বিধ্বস্ত লিবিয়ার শহর এলাকা। ১১ সেপ্টেম্বর, ২০২৩।
ভয়াবহ বন্যায় বিধ্বস্ত লিবিয়ার শহর এলাকা। ১১ সেপ্টেম্বর, ২০২৩।

লিবিয়ার কিছু অংশে ভয়াবহ বন্যায় হাজার হাজার মানুষ নিহত ও নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটির জনগণ ও সরকারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আল তাহির সালেম মোহাম্মদ আল বোরকে পাঠানো এক বার্তায় আব্দুল মোমেন বলেন, “পূর্ব লিবিয়া, বিশেষ করে বেনগাজি, আল-বায়দা, দেরনা, সাহাত, আল-মারি এবং জাবেল আল-আখদারে ভূমধ্যসাগরীয় ঝড় ড্যানিয়েলের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত”।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

তিনি এই মর্মান্তিক ঘটনায় ২ হাজার ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি এবং আরও হাজার হাজার নিখোঁজ মানুষের জন্য তাঁর আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আব্দুল মোমেন বলেন, “এই হৃদয়বিদারক ক্ষতির মধ্য দিয়ে যাওয়া পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। বিশাল এই ধ্বংসযজ্ঞ, ব্যাপক বন্যা এবং জীবন ও অবকাঠামোর ভয়াবহ ক্ষয়ক্ষতি সত্যিই দুঃখজনক”।

বার্তায় আব্দুল মোমেন আরও বলেন, “আমি বিশ্বাস করি যে দেশবাসীর সংহতি ও ধৈর্য এই কঠিন সময়ে বজায় থাকবে। সর্বশক্তিমান তাদের সময়টি সহ্য করার শক্তি ও সাহস এবং একটি উজ্জ্বল ভবিষ্যত গড়ার সহনশীলতা দেবে”।

আব্দুল মোমেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ্য ও সুখ কামনা করেন এবং ভবিষ্যতের জন্য লিবিয়ার বন্ধুত্বপূর্ণ জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

This item is part of
XS
SM
MD
LG