অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকার কনস্যুলেটকে ১ অক্টোবর থেকে হাইকমিশনে উন্নীত করবে সিঙ্গাপুর

ঢাকার কনস্যুলেটকে ১ অক্টোবর থেকে হাইকমিশনে উন্নীত করবে সিঙ্গাপুর
ঢাকার কনস্যুলেটকে ১ অক্টোবর থেকে হাইকমিশনে উন্নীত করবে সিঙ্গাপুর

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে নিউইয়র্কে বৈঠক করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। বৈঠকে আব্দুল মোমেন ঢাকায় সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। এ সময় সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় তাদের কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করা হবে বলে আশ্বস্ত করেন। ১ অক্টোবর থেকে ঢাকায় সিঙ্গাপুরের কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করা হবে বলে জানান তিনি।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই মন্ত্রী দুই দেশের দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে সিঙ্গাপুরের পক্ষ থেকে বলা হয়, এই উন্নীতকরণ সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে উন্নত অর্থনৈতিক ও জনগণ থেকে জনগণের মধ্যে সম্পর্ককে প্রতিফলিত করে।

হাইকমিশনের কার্যক্রম চলবে সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বাংলাদেশের সরকারি ছুটির দিন এবং সিঙ্গাপুরের জাতীয় দিবসে হাইকমিশন বন্ধ থাকবে।

আব্দুল মোমেন সিঙ্গাপুরের পূর্ণাঙ্গ মিশন স্থাপনের সিদ্ধান্তের জন্য দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপিত হলে দুই দেশই উপকৃত হবে।

তিনি বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে।

দুই মন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।

This item is part of
XS
SM
MD
LG