অ্যাকসেসিবিলিটি লিংক

সহযোগিতা চেয়ে ইইউ'র চিঠির জবাব দিয়েছেন সিইসি হাবিবুল আউয়াল

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। (ফাইল ছবি)
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। (ফাইল ছবি)

বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে, পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর পাঠানো চিঠির জবাব দিয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায়, নির্বাচন ভবনে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, “চিঠিতে সিইসি বলেছেন, সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের কাছ থেকে যে সহযোগিতা পাচ্ছেন তা অব্যাহত থাকলে, ইসি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে।”

চিঠিতে সিইসি আশা প্রকাশ করেন যে ইউরোপীয় ইউনিয়ন আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে একটি ছোট দল পাঠাবে।সিইসি বলেছেন, “যত বেশি দেশি-বিদেশি পর্যবেক্ষক থাকবে, নির্বাচন তত বেশি স্বচ্ছ হবে এবং সবার ওপর এক ধরনের চাপ থাকবে। এতে দেশে-বিদেশে নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে।”

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও ইসির সঙ্গে প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা নিয়ে একটি কর্মশালা করবে ইসি।

“কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনার (ইসি), নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের আমন্ত্রণ জানানো হবে;” জানান নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

গত বুধবার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষক দল না পাঠানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত সম্বলিত একটি ইমেইল পেয়েছেন বলে জানান তিনি।

This item is part of
XS
SM
MD
LG