অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বাড়লো এলপিজির দাম, ২ অক্টোবর থেকেই কার্যকর

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়িয়েছে কর্তৃপক্ষ। প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ৬ দশমিক ০৬ টাকা। নতুন দাম সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর মধ্য দিয়ে, বাংলাদেশে অক্টোবরে এলপিজি দাম দাঁড়ালো ১১৩ দশমিক ৬১ টাকা। সেপ্টেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ছিলো ১০৭ দশমিক ০১ পয়সা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে বলেছে, “খুচরা ক্রেতাদের এখন ১২ কেজি এলপিজি সিলিন্ডার সংগ্রহ করতে হবে ভ্যাটসহ ১৩৬৩ টাকায়। আগে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিলো ১২৮৪ টাকা। অর্থাৎ, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭৯ টাকা।

সোমবার এক সংবাদ সম্মেলনে, বিইআরসি চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, “সাড়ে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত অন্যান্য আকারের এলপিজি সিলিন্ডারের দাম যুক্তিসঙ্গতভাবে বাড়বে।” বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, অটো গ্যাস (মোটর গাড়ির জন্য ব্যবহৃত এলপিজি) এর দামও প্রতি লিটার (ভ্যাটসহ) ৫৮ দশমিক ৮৭ টাকা থেকে বেড়ে ৬২ দশমিক ৫৪ টাকা হয়েছে। অর্থাৎ, প্রতি লিটারে দাম বেড়েছে ৩ দশমিক ৬৭ টাকা।

তবে, রাষ্ট্রীয় মালিকানাধীন এলপি গ্যাস কোম্পানির বাজারজাত করা এলপিজির দাম একই থাকবে। কারণ, এটি স্থানীয়ভাবে ৫ শতাংশের কম বাজার শেয়ার নিয়ে উৎপাদিত হয়। বিইআরসি কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি সিপির (চুক্তি মূল্য) দাম বৃদ্ধির কারণে, স্থানীয় বাজারে এলপিজির দাম বাড়ছে।

বাংলাদেশের এলপিজি অপারেটররা সাধারণত সৌদি সিপি-এর ভিত্তিতে মধ্যপ্রাচ্যের বাজার থেকে তাদের পণ্য আমদানি করে। গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে, স্থানীয় বাজারে এলপিজির সর্বোচ্চ দাম ছিলো ১ হাজার ৪৯৮ টাকা (প্রতি ১২ কেজি সিলিন্ডার)।

This item is part of
XS
SM
MD
LG