অ্যাকসেসিবিলিটি লিংক

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে রাজনীতি হয়নি—আইনমন্ত্রী আনিসুল হক

 সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। ৮ অক্টোবর ২০২৩।
সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। ৮ অক্টোবর ২০২৩।

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি নিয়ে কোনো রাজনীতি হয়নি। এ কথা বলেছেন বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, এ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছেন।

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, এটা আইনি ব্যাপার। এখানে রাজনীতির কোনো প্রশ্ন নেই। তাঁর (খালেদা জিয়া) পরিবার দরখাস্ত করেছিল। সেটা নিষ্পত্তি করা হয়েছে।

আনিসুল হক বলেন, আইনে কোথাও নেই তাঁকে এই দরখাস্তে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া যায়। বিদেশ যেতে পারবেন না বলে আগেই শর্ত দেওয়া ছিল। এখন সেটিকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই।

যে দুই শর্তে খালেদা জিয়াকে দণ্ড স্থগিত করে মুক্তি দেওয়া হয়েছে তা পরিবর্তন করা যায় কি না, এ প্রশ্নে আনিসুল হক বলেন, আইনে আছে শর্তযুক্ত অথবা শর্তমুক্ত। শর্ত যদি দেওয়া হয় তা মানতে হবে।

তিনি বলেন, আমার মনে হয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা তিনি প্রয়োগ করেছেন, এটা পুনরায় প্রয়োগ করার সুযোগ নেই।

রাষ্ট্রপতির ক্ষমার বিষয়ে আনিসুল হক কারও নাম উল্লেখ না করে বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে দোষ স্বীকার করে চাইতে হয়। বিষয়টি যিনি ক্ষমা চাইবেন তাঁর বিষয়। এটা হচ্ছে সাংবিধানিক অধিকার, যে কেউ রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারেন।

This item is part of
XS
SM
MD
LG