অ্যাকসেসিবিলিটি লিংক

অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে কোনো ঘাটতি থাকবে না: সিইসি হাবিবুল আউয়াল

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার। ৭ অক্টোবর, ২০২৩।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার। ৭ অক্টোবর, ২০২৩।

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, “উৎসবমুখর পরিবেশে, জনগণের অংশগ্রহণে, একটি অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) প্রচেষ্টার কোনো ঘাটতি রাখবে না।”

শনিবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে, ৬৪ জেলা এবং ১০ টি অঞ্চল থেকে নির্বাচন কর্মকর্তা যোগ দেন।

বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিজ্ঞতা জানতে চান সিইসি। তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি কতটা সফল হয়েছে, কোনো ঘাটতি আছে কি না, তা আমি জানতে চাই।”

পরে, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, “জাতীয় নির্বাচন নিয়ে ৬৪ টি জেলা এবং ১০ টি আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। ভোটার তালিকা, ভোটকেন্দ্রের প্রস্তুতি এবং আরো কিছু বিষয়ে এটি একটি প্রাথমিক বৈঠক।”

অশোক কুমার আরো জানান, “বৈঠকে তফসিল ঘোষণা নিয়ে কোনো আলোচনা হয়নি; বরং, এতে বিভিন্ন অঞ্চলের প্রাসঙ্গিক বিষয়গুলো এবং নির্বাচনের সময় তারা যে সম্ভাব্য সমস্যার মুখোমুখি হতে পারেন, তা নিয়ে আলোচনা হয়েছে।”

তিনি বলেন, “মাঠের পরিবেশ এখনো ভালো এবং ইসি কর্মকর্তারা আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চেয়েছেন। আর, এর পর, আমাদের পক্ষ থেকে, ডিসি,এসপিদের জন্য প্রশিক্ষণ রয়েছে। সে সময় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।”

This item is part of
XS
SM
MD
LG