অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের মান নিয়ন্ত্রণে সংসদে ডেইরি ডেভলপমেন্ট বোর্ড বিল পাস

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন।
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন।

বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং এর মান নির্ধারণ ও নিয়ন্ত্রণে একটি বোর্ড প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয় সংসদে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেনন্ট বোর্ড বিল-২০২৩ পাস হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বিলটি সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে বলা হয়েছে, এই আইন পাস হওয়ার পর সরকার প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড গঠন করবে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এই বোর্ডের চেয়ারম্যান হবেন এবং ১৯ সদস্যের গভর্নিং বডি বোর্ড পরিচালনা করবে। নিরাপদ খাদ্য হিসেবে দুধ বা দুগ্ধজাত পণ্যের শ্রেণিভিত্তিক মান নির্ধারণ, মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ, পরীক্ষা, পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ বা নিশ্চিত করতে ব্যবস্থা নিতে পারবে এই বোর্ড। এ ছাড়া, বাণিজ্যিকভাবে ডেইরি খামার স্থাপন, উন্নত ব্যবস্থাপনা এবং নিরাপদ খাদ্য হিসেবে দুধ বা দুগ্ধজাত পণ্য উৎপাদনের পরিকল্পনা, উন্নয়ন ও প্রশিক্ষণও দেবে এই বোর্ড।

বিলের উদ্দেশ্য অনুযায়ী শিশুসহ সব মানুষের জন্য পুষ্টিকর খাদ্য হিসেবে দুধের বিকল্প নেই।

ছোট ও মাঝারি দুগ্ধ খামার ছাড়াও ইতিমধ্যে দেশে বেশ কয়েকটি বড় দুগ্ধ কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে।

ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে গবাদি পশু পালনের বৈজ্ঞানিক পদ্ধতি, চিকিৎসা সেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হবে।

বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড নামে একটি পৃথক ও বিশেষায়িত কর্তৃপক্ষ সৃষ্টি হলে খামার ব্যবস্থাপনার উন্নয়ন, দুধের উৎপাদন বৃদ্ধি এবং ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে নিরাপদ খাদ্য হিসেবে দুগ্ধজাত পণ্যের বহুমুখীকরণর সুযোগ নিশ্চিত হবে।

This item is part of
XS
SM
MD
LG