অ্যাকসেসিবিলিটি লিংক

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিকের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ অক্টোবর, ২০২৩।
ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিকের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ অক্টোবর, ২০২৩।

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি দ্রুত, নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসনের জন্য ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) সব আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেল স্যুটে বুধবার ইউরোপিয়ান কমিশনার ফর ক্রাইসিস ম্যানেজমেন্ট জেনেজ লেনারসিক দেখা করেন। তখন প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইইউর সমর্থন চান।

শেখ হাসিনা বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা; বিশেষ করে ভূমিকম্প প্রস্তুতিতে অব্যাহত সহায়তার জন্য ইইউকে ধন্যবাদ জানান।

জেনেজ লেনারসিক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। আগাম সতর্কতা ব্যবস্থাসহ দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্যেরও প্রশংসা করেন তিনি।

তিনি রোহিঙ্গাদের উদার আতিথেয়তার জন্য বাংলাদেশের প্রশংসার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য আরও ১০ দশমিক ৫ মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার, ইউরোপীয় কমিশনার জুত্তা উরপিলাইনেন ও ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার।

This item is part of
XS
SM
MD
LG