অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইলি সেনাবাহিনী বলছে, তারা গাজা উপত্যকায় স্থল অভিযান চালিয়েছে

ইসরাইলি বিমান হামলায় গাজার বিধ্বস্ত বাড়ীঘর দেখা যাচ্ছে। ২৫ অক্টোবর ২০২৩।
ইসরাইলি বিমান হামলায় গাজার বিধ্বস্ত বাড়ীঘর দেখা যাচ্ছে। ২৫ অক্টোবর ২০২৩।

  • ইসরাইলের সেনাবাহিনী গাজায় "অসংখ্যা সন্ত্রাসী সেল, অবকাঠামো" আক্রমণ করার জন্য একটি একক স্থল অভিযানের কথা নিশ্চিত করেছে। নেতানিয়াহু বলেছেন, ইসরাইল “স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে।”
  • হামাসের হাতে জিম্মিদের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন
  • ৭ অক্টোবর হামাসের প্রাথমিক হামলায় ইসরাইলে ১৪০০ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
  • হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক বলছে, গাজায় মৃতের সংখ্যা কমপক্ষে ৬ হাজার ৫৪৬ জনে পৌঁছেছে। এদের অধিকাংশই নারী ও শিশু। তবে মৃতের সংখ্যার ব্যাপারে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের কিছু কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার ইসরাইলের সেনাবাহিনী বলেছে, তারা গাজা উপত্যকায় একটি স্থল অভিযান চালিয়েছে। সেখানে প্রায় তিন সপ্তাহ ধরে ইসরাইলের বাহিনী হামাসের জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে।

ইসরাইলের সেনাবাহিনী সম্ভাব্য স্থল আক্রমণের আগে গাজা সীমান্তের কাছে ৩ লাখ সেনা মোতায়েন করে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এক লক্ষ্যের ব্যাপারে তার সমর্থন জানিয়েছেন যা এখন দূরবর্তী মনে হচ্ছে। লক্ষ্যটি হলো, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্রের পৃথক, স্বায়ত্তশাসিত ইসরাইল এবং ফিলিস্তিনি রাষ্ট্রের আকাঙ্ক্ষা।

হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, "ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা যাবে না। ইসরাইলি এবং ফিলিস্তিনিরা নিরাপত্তা, মর্যাদা এবং শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করার সমান দাবি রাখে।"

সাম্প্রতিক দিনগুলোতে হামাস চারজন জিম্মিকে মুক্তি দিয়েছে। এদের মধ্যে একজন আমেরিকান নারী ও তার মেয়ে এবং দুজন প্রবীণ ইসরাইলি নারী। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে সতর্ক করেছে, বাকিদের মুক্তি অনেক বেশি কঠিন হবে।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

ইসরাইল গাজা উপত্যকার উত্তরাঞ্চলে বসবাসকারী জনগণকে দক্ষিণে সরে যাওয়ার জন্য সতর্ক করেছিল। সেনাবাহিনী বলেছে, এই ঘোষণা বেসামরিক মানুষদের ক্ষতি কমানোর পদক্ষেপ।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন, যারা চলাচলে অক্ষম বা যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাদের জন্য ইসরাইলের অগ্রিম সতর্কতা কোনো মানে রাখে না।

হেস্টিংস বলেন, "যখন গাজাবাসীকে সরিয়ে নেয়ার রুটগুলোতে বোমাবর্ষণ করা হয়, যখন উত্তর এবং দক্ষিণাঞ্চলের মানুষ সহিংসতার মধ্যে পড়ে যায়, যখন বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব হয়, এবং যখন ফিরে আসার কোনো নিশ্চয়তা থাকে না, তখন মানুষের হাতে অসম্ভব বিকল্প ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।" তিনি আরও বলেন, "গাজার কোনো জায়গাই নিরাপদ নয়।"

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিয় গুত্তেরেস ২৪ অক্টোবর ২০২৩ তারিখে নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজাতে ইসরাইলের অবরোধ 'আন্তর্জাতিক মানবতা আইনের স্পষ্ট লংঘন'।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

This item is part of
XS
SM
MD
LG