অ্যাকসেসিবিলিটি লিংক

মহাসমাবেশকে কেন্দ্র করে ১ হাজার ২০০ নেতা-কর্মী গ্রেপ্তার করা হয়েছে—দাবি বিএনপির

বিএনপি
বিএনপি

বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে তিন দিনে প্রায় ১ হাজার ২০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে দলটি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই দাবি করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ৩৩০ জন বিরোধী দলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে তিন দিনে প্রায় ১ হাজার ২০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ সময়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১৬টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে সরকার দমন-পীড়নের মাত্রা আরও বাড়িয়েছে।

তিনি বলেন, “গ্রেপ্তার ও নিপীড়নের মুখে বিএনপির নেতা-কর্মী ও গণতন্ত্রকামী জনগণ এখন ঘরে থাকতে পারছে না। এটি একটি নজিরবিহীন এবং ভয়াবহ পরিস্থিতি”। পুলিশের গ্রেপ্তার ও হয়রানির ভয়ে স্বাধীন দেশে বিরোধী দলীয় নেতা-কর্মীরা ঘরে থাকতে পারে না।

রুহুল কবির রিজভী বলেন, “আমরা সারাদেশ থেকে গ্রেপ্তারের তথ্য পাচ্ছি। যারা জামিনে কারাগার থেকে বের হচ্ছেন, তাদের আবার গ্রেপ্তার করা হচ্ছে। এটা একটা নৈরাজ্যকর পরিস্থিতি”।

তিনি বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকল বাধা ও নিপীড়ন মোকাবিলা করে ২৮ অক্টোবর রাজপথে নামতে প্রতিশ্রুতিবদ্ধ।

This item is part of
XS
SM
MD
LG