অ্যাকসেসিবিলিটি লিংক

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন ড. কামাল হোসেন

বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন
বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন

সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ড. কামাল হোসেন। প্রায় ৩০ বছর আগে প্রতিষ্ঠা করা গণফোরামের সভাপতির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। তবে ড. কামাল এখন থেকে দলের ইমেরিটাস সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় সম্মেলনে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এস এম আলতাফ হোসেন এ ঘোষণা দেন। আর, লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, “আমি আনুষ্ঠানিকভাবে সভাপতির পদ ছেড়ে দিচ্ছি। গণফোরামের জন্য আন্তরিকভাবে কাজ করে, আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।” গণফোরাম নেতা নুরুজ্জামান ড. কামাল হোসেনের লিখিত বক্তব্য পাঠ করেন।

ড. কামাল তার বক্তব্যে উল্লেখ করেন, “আমার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় গণফোরাম সভাপতির দায়িত্ব সক্রিয়ভাবে পালন করা আমার পক্ষে আর সম্ভব নয়। এ অবস্থায় আমি সকল রাজনৈতিক কর্মকাণ্ড ও গণফোরামের সভাপতির পদ ত্যাগের ঘোষণা দিচ্ছি।”

ড. কামাল আরো বলেন, তিনি তার ব্যক্তিগত অবস্থান থেকে যতটা সম্ভব দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার চেষ্টা করবেন। গণফোরাম-কে প্রয়োজনীয় সহায়তা ও পরামর্শ দেবেন বলেও উল্লেখ করেন তিনি।

বিশেষ কাউন্সিল-এ মফিজুল ইসলাম খানকে গণফোরামের নতুন সভাপতি ও মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া দলীয় সনদ সংশোধন করে গণফোরামের ইমেরিটাস সভাপতি পদ সৃষ্টি করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী ড. কামাল আওয়ামী লীগকে ত্যাগ করে ১৯৯৩ সালের ২৯ আগস্ট গণফোরাম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলের সভাপতির পদে ছিলেন ড. কামাল হোসেন।

পরে, ২০২১ সালের ৩ ডিসেম্বর গণফোরামে বিভক্তি দেখা দেয়। এর নেতাদের একটি গ্রুপ প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেনকে বাদ দিয়ে মোস্তফা মোহসীন মন্টুকে সভাপতি ও সুব্রত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেন।

This item is part of
XS
SM
MD
LG