অ্যাকসেসিবিলিটি লিংক

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে সালমান এফ রহমান ও আজরা জেয়ার বৈঠক

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে সালমান এফ রহমান ও আজরা জেয়ার বৈঠক
দ্বিপক্ষীয় বিষয় নিয়ে সালমান এফ রহমান ও আজরা জেয়ার বৈঠক

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ. রহমান শুক্রবার (২৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গে এক বৈঠক করেন। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব আরো জোরদারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তারা বৈঠকে আলোচনা করেন। সালমান এফ. রহমান এবং আন্ডার সেক্রেটারি জেয়ার আলোচনায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত, রোহিঙ্গা ইস্যু এবং বাংলাদেশের নির্বাচন প্রাধান্য পায়।

১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন আজরা জেয়া এবং তাদের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

উভয় পক্ষ মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। বাংলাদেশের আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকারের কথা উল্লেখ করেন সালমান এফ. রহমান।

আন্ডার সেক্রেটারি জেয়া বলেন, “যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না, বরং তারা বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।”

বৈঠকে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার এবং বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

This item is part of
XS
SM
MD
LG