অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু অভিযোজনে ঋণের তুলনায় অনুদানকে অগ্রাধিকার দিতে হবে: শাহাব উদ্দিন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত প্রাক-কপ-২৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ৩০ অক্টোবর, ২০২৩।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত প্রাক-কপ-২৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। ৩০ অক্টোবর, ২০২৩।

বাংলাদেশ এবং অন্য জলবাযু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য জরুরিভাবে অনুদান ভিত্তিক সরকারি অর্থায়ন প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, “ঋণের তুলনায় অনুদান-কে অগ্রাধিকার দিতে হবে।” সোমবার (৩০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত প্রাক-কপ-২৮ এর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শাহাব উদ্দিন বলেন, “বাংলাদেশ এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর জন্য, স্বেচ্ছায় দাতাদের সহায়তার বাইরে জলবায়ু অভিযোজনের জন্য জরুরিভাবে নতুন, অনুমানযোগ্য ও পর্যাপ্ত অনুদানভিত্তিক সরকারি অর্থায়ন প্রয়োজন।” তিনি বলেন, “আমরা দেখতে চাই, উন্নত দেশগুলো ২০২০ ও ২০২৫ সালের মধ্যে প্রতি বছর ১০ হাজার কোটি ডলার সংগ্রহের যে প্রতিশ্রুতি দিয়েছিলো, তা বজায় রাখবে এবং গত তিন বছরের (২০২০-২০২২) ঘাটতি পূরণ করবে।”

বাংলাদেশের পরিবেশমন্ত্রী আরো বলেন, “এই প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সময়মতো রিপোর্ট করা এবং হিসাব করা হবে, সে বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। এটা করতে ব্যর্থ হলে, তা উল্লেখযোগ্যভাবে বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করবে এবং কাজের অগ্রগতি বিপন্ন করবে।”

তিনি বলেন, “ক্লাইমেট ফাইন্যান্সের নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি) অবশ্যই প্রতি বছর ১০ হাজার কোটি ডলার লক্ষ্যের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি হতে হবে। ঋণের তুলনায় অনুদান-কে অগ্রাধিকার দিতে হবে এবং জলবায়ু পরিবর্তনের অনিবার্য প্রভাবের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য, উন্নয়নশীল দেশগুলোর প্রকৃত চাহিদা পূরণ করতে হবে।”

পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, “জলবায়ু অর্থায়নের একটি সংজ্ঞায় একমত হতে, সকল পক্ষের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া উচিত, যাতে, জলবায়ু এবং অ-জলবায়ু অর্থ প্রবাহের জবাবদিহি ও স্বচ্ছতা সহজতর করে। কপ-২৮ এর ফলাফলের ওপর জোর দেয়া উচিত। যাতে, উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু অর্থায়নের বিধান ও গতিশীলতার বিষয়ে, উন্নত দেশগুলো সজাগ হয়।”

This item is part of
XS
SM
MD
LG