অ্যাকসেসিবিলিটি লিংক

নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব পৌঁছেছেন শেখ হাসিনা

উইমেন ইন ইসলাম শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন। ৫ নভেম্বর, ২০২৩।
উইমেন ইন ইসলাম শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন। ৫ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উইমেন ইন ইসলাম: স্ট্যাটাস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রবিবার (৫ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে সৌদি আরব পৌঁছেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট, শেখ হাসিনা এবং তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৪টা ১০ মিনিট) মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে তিনি ঢাকার সময় ৯টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সচিবালয়ের সমন্বয়ে সৌদি আরব আগামী ৬ থেকে ৮ নভেম্বর এই সম্মেলন আয়োজন করছে। শেখ হাসিনা রবিবার নবী মুহাম্মদের (সা.) রওজা মোবারকে ফাতেহা পাঠ করবেন। এরপর জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন এবং মক্কায় ওমরাহ পালন করবেন।সোমবার (৬ নভেম্বর) তিনি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং সম্মানিত অতিথি হিসেবে তার বক্তব্য দেবেন।

এ ছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইরানের নারী ও পরিবার বিষয়ক বিভাগের ভাইস প্রেসিডেন্ট এনসিহ খাজালি, ওআইসি নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ড. আফনান আলশুয়াইবি এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে পৃথক বৈঠক করবেন। আর, প্রিন্সেস নুরা ইউনিভার্সিটি আয়োজিত উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৭ নভেম্বর) মসজিদুল হারামে নামাজ আদায় করবেন। একই দিনে, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে মক্কা ত্যাগ করবেন। বুধবার (৮ নভেম্বর) সকাল ৮টায় ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা রয়েছে।

এই আন্তর্জাতিক সম্মেলন, মুসলিম উম্মাহর পণ্ডিতদের ব্যাপক অংশগ্রহণে ইসলামে নারীর অধিকার ও দায়িত্ব, বিশেষ করে ইসলামের শিক্ষা অনুযায়ী শিক্ষা ও কাজের ক্ষেত্রে নারীর অধিকার স্পষ্ট করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।

This item is part of
XS
SM
MD
LG